বাঙালির সরস্বতী পুজা ও বসন্ত পঞ্চমী
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিসালাক্ষী বিদ্যাং দেহী নমহস্ততে ।।
বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো:
বসন্ত পঞ্চমী
বসন্ত পঞ্চমী, হিন্দু পঞ্জিকায় মাঘ মাসের পঞ্চম দিনে ( 2 Feb 2025) পালিত একটি শুভ উৎসব। এই উৎসব বসন্তের আগমনকে উদযাপন করে। বসন্ত পঞ্চমী দিনটি বিদ্যা, জ্ঞান এবং সৃজনশীলতার দেবী মা সরস্বতীর আরাধনার জন্য নিবেদিত।
এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। সরষে ফুলের হলুদ আভা, পাখিদের গান, এবং বসন্তের মৃদু হাওয়া প্রকৃতিকে প্রাণবন্ত করে তোলে। হলুদ রঙ এই উৎসবের অন্যতম প্রধান প্রতীক, যা আনন্দ, জীবনীশক্তি এবং প্রাচুর্যের প্রতীক।
সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর মূল আকর্ষন। বিদ্যা, সংগীত এবং শিল্পকলার দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুজোর উদযাপন। মা সরস্বতীকে একজন শ্বেতবসনা দেবী হিসেবে কল্পনা করা হয়, যিনি বীণা বাজাচ্ছেন এবং হাতে পুস্তক ও অক্ষরাঞ্জলি ধারণ করছেন।
পুজোর প্রস্তুতি শুরু হয় একদিন আগে। ঘরবাড়ি পরিষ্কার করা হয়, মণ্ডপ বা প্যান্ডেল সাজানো হয় এবং দেবীর মূর্তি স্হাপন করা হয়।
পুজোর দিন ভক্তরা দেবীকে হলুদ ফুল, চালের মোয়া, মিষ্টি, ফল এবং জল নিবেদন করেন। দেবীর সামনে বই, খাতা, কলম এবং বাদ্যযন্ত্র রেখে যায় কচি কাঁচারা।
বিশেষ করে শিশুদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বাড়ি বা স্কুলে শিশুদের জন্য বিদ্যারম্ভ অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে তাদের জীবনের প্রথম অক্ষর লেখা শেখান ঠাকুর মশাই। শিক্ষার পথে চলার শুভ সূচনা। হাতে খড়ি।
উৎসবের রীতি ও ঐতিহ্য:
সরস্বতী পুজো পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং বিহারে বিশেষভাবে পালিত হয়। তবে উত্তর ভারত, রাজস্থান এবং পাঞ্জাবেও বসন্ত পঞ্চমী উদযাপিত হয়।
ছেলে মেয়েরা হলুদ রঙের পাঞ্জাবি শাড়ি পরে মেতে ওঠে উৎসবে আনন্দে।
উত্তর ভারতে এই দিনে ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে। প্রথাটি বিশেষ করে পাঞ্জাব এবং উত্তর প্রদেশে জনপ্রিয়। উজ্জ্বল নীল আকাশে নানা রঙের ঘুড়ি ওড়ানোর মধ্যে উৎসবের আনন্দ ও উচ্ছ্বাস ধরা পড়ে।
পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর সময় স্কুল এবং কলেজগুলিতে বিশেষ আয়োজন করা হয়। ছাত্র ছাত্রীরা একসঙ্গে মণ্ডপ সাজায়, দেবীর পুজো করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল থেকে স্কুলে ঘুরে বেড়ায় জোট বেঁধে। সংগীত, নৃত্য এবং আবৃত্তিতে এই উৎসব মুখরিত হয়ে ওঠে।
---
প্রতীকী দিক এবং জীবনের সঙ্গে সম্পর্ক:
সরস্বতী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শিক্ষা এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিন। মা সরস্বতীকে জ্ঞানের দেবী হিসেবে পূজা করার মাধ্যমে মানুষ নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত হয়।
হলুদ রঙ প্রকৃতির প্রাচুর্যের সঙ্গে মানুষের অভ্যন্তরীণ শক্তি এবং উচ্ছ্বাসের প্রতীক। বসন্ত পঞ্চমী আমাদের প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের সৃজনশীল দিকগুলির প্রতি কৃতজ্ঞ হতে শেখায়।
বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো একদিকে যেমন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভক্তির প্রকাশ, অন্যদিকে এটি জ্ঞান, শিক্ষা এবং সৃজনশীলতার উদযাপন। ঘুড়ি ওড়ানোর আনন্দ, হলুদ পোশাক এবং একসঙ্গে দেবীর পুজো করার মধ্যে মানুষের ঐক্যের প্রতিফলন।
এই উৎসব আমাদের জীবনে নতুন শিক্ষার আলো এবং সৃজনশীলতার উজ্জ্বল পথ দেখানোর বার্তা বহন করে। সরস্বতী পুজো কেবল একটি ঐতিহ্য নয়, এটি মানুষের মনে আশা এবং উদ্যম জাগানোর উৎসব।
সব্বাই ভালো থাকুন। উৎসবে বাঁচুন। প্রতিবাদে বাঁচুন।🙏🙏🙏
Comments
Post a Comment